Published on
:
1 min read
গুজরাটে অটুট মোদী-ম্যাজিক। গান্ধীনগর পুরসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতল বিজেপি। মঙ্গলবার ৪৪টি আসনের ফল প্রকাশিত হয়েছে। ৩৮টিতে জিতেছে শাসক দল বিজেপি। কংগ্রেসের ঝুলিতে মাত্র ৫টি আসন। একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী।
২০২১ সালে গান্ধীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে ৪১টি আসনে জিতেছিল বিজেপি। এ বার তিনটি আসন কম পেয়েছে তারা। তবে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে কোনও অসুবিধা হচ্ছে না পদ্মশিবিরের। গত বারের তুলনায় ভালো ফল করেছে কংগ্রেস। আগের নির্বাচনে তারা মাত্র দু’টি আসনে জিতেছিল। এ বার জিতেছে পাঁচটিতে। তবে আম আদমি পার্টি এ বারও খাতা খুলতে পারেনি।
গান্ধীনগরে এই বিপুল জয়কে উন্নয়নের পক্ষে মানুষের রায় বলে দাবি করছে বিজেপি। দলের মতে, রাস্তা, নাগরিক পরিষেবা, স্মার্ট সিটি প্রকল্প এবং সরকারের জনকল্যাণমূলক কাজের উপর আস্থা রেখেছেন ভোটাররা। তবে কংগ্রেসের জন্য স্বস্তির খবর হলো, নির্বাচনে ধাক্কা খেলেও বিরোধী দলের মর্যাদা পেতে পারে তারা। মিলতে পারে বিরোধী দলনেতার পদও।
দীর্ঘদিন ধরে গুজরাট শাসন করছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, স্থানীয় নির্বাচনে যে তাদের দাপট অব্যাহত, গান্ধীনগরের এই ফল থেকে তা স্পষ্ট। কংগ্রেস রাজ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সাফল্য এখনও অধরাই রয়ে গিয়েছে। কিছু ওয়ার্ডে ভালো ফল করলেও, তা যথেষ্ট নয়। আপ গুজরাটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে এ বারও খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের।
গান্ধীনগরের ফলাফল তাই গুজরাটে বিজেপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের ছবি তুলে ধরছে, অন্য দিকে, বিরোধীদের জন্য উঠছে একাধিক প্রশ্ন। বিশেষ করে, রাজধানীর পুরভোটে কংগ্রেসের আসনসংখ্যা বাড়লেও বিজেপির সঙ্গে ব্যবধান অনেকটাই বেশি। ফলে এই সাফল্যকে রাজ্য জুড়ে রাজনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই বললেই চলে। আগামী দিনে সংগঠন মজবুত করে এবং স্থানীয় স্তরে নাগরিকদের সমস্যাকে সামনে রেখে কংগ্রেস কতটা এগোতে পারে, এখন সেটাই দেখার।
