ম্যানচেস্টার ইউনাইটেড গোটা দলটাই বাচ্চাদের মতো আচরণ করছে! এমনটাই দাবি করেছেন রেড ডেভিলদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারদের একজন ওয়েন রুনি।
রুনির অভিযোগ, ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক ব্যর্থতার দায় নিজেদের কাঁধে না নিয়ে কোচ ও কর্মকর্তাদের দিকে আঙুল তুলছেন খেলোয়াড়েরা। রুনির ধারনা ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজ ও ক্লাবটির আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ নিজেদের পারফরম্যান্সের ঘাটতি লুকাতেই দলের বিপক্ষে কথা বলছে। তাই রুনি এই দুই ফুটবলারকে আগে নিজেদের চেহারা আয়নায় দেখতে বলেছেন!
‘এই খেলোয়াড়েরা স্বার্থপর। তারা নিজেদের সতীর্থ, কোচ, স্টাফ কিংবা সমর্থকদের কথা ভাবে না; ভাবে শুধু নিজেদের কথা।’
চ্যাম্পিয়নস লিগে বুধবার কোমোর কাছে ৪-১ গোলে হারের পর ইউনাইটেডের অস্থিরতা আরও প্রকাশ্যে এসেছে। ম্যাচের পর ফার্নান্দেস কোচ মাইকেল ক্যারিকের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে মার্তিনেজও ক্লাবের কর্মকর্তা জেসন উইলকক্সকে দায়ী করে মন্তব্য করেছিলেন। খেলোয়াড়দের এমন প্রকাশ্য বক্তব্যে দলের ভেতরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
রুনি মনে করেন, এ ধরনের আচরণ দলের ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করতে পারে। ‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ পডকাস্টে তিনি বলেন, মার্তিনেজের মন্তব্যের পরই তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি ভয়াবহ দিকে যেতে পারে। রুনির ভাষায়, ‘মার্তিনেজ যখন কথা বলেছিল, আমি বলেছিলাম, এটা একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, কারণ এতে ড্রেসিংরুমে বিভক্তি তৈরি হবে। সেখান থেকেই শুরু।’
নিজের খেলার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে রুনি বলেন, স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কখনো কখনো তাঁর কথাবার্তা বন্ধ থাকলেও মাঠে তিনি কোচের জন্য সর্বস্ব উজাড় করে দিতেন। বর্তমান খেলোয়াড়দের মধ্যে সেই মানসিকতার অভাব দেখছেন তিনি।
স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে কথা বলছেন রুনি।
রুনির অভিযোগ, ‘এই খেলোয়াড়েরা স্বার্থপর। তারা নিজেদের সতীর্থ, কোচ, স্টাফ কিংবা সমর্থকদের কথা ভাবে না; ভাবে শুধু নিজেদের কথা।’
তিনি আরও বলেন, নিজেদের পছন্দমতো কিছু না হলেই খেলোয়াড়েরা শিশুসুলভ আচরণ করছেন এবং দায় অন্যের ওপর চাপিয়ে দিচ্ছেন। তাঁর মতে, এভাবে সমস্যার সমাধান হবে না; বরং প্রত্যেককে নিজের পারফরম্যান্সের হিসাব দিতে হবে।
ম্যানইউর সমালোচনা করে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রুনো ও মার্তিনেজ
বিশেষ করে ফের্নান্দেজকে নিয়েও প্রশ্ন তুলেছেন রুনি। তাঁর মতে, ইউনাইটেডে যোগ দেওয়ার পর সম্ভবত এখনই সবচেয়ে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন পর্তুগিজ এই মিডফিল্ডার। সেই পরিস্থিতি থেকে মনোযোগ সরাতেই তিনি কোচের সমালোচনা করছেন বলে মনে করেন রুনি।
