বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা পায়ে গুরুতর চোট পেয়েছেন। মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে মেডিক্যাল বুট পরা পায়ের ছবি পোস্ট করে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তবে চোট লাগলেও তিনি নিজের রসিক মেজাজ হারাননি। ছবির সঙ্গে মজার ছলে একটি ক্যাপশন লিখে তিনি লেখেন, 'আমি ব্রেক এ লেগ কথাটিকে একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছি।'
তবে এই আঘাতটি ঠিক কীভাবে লেগেছে, সে বিষয়ে সিদ্ধার্থ বিস্তারিত কিছু খোলসা করেননি। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাকি বাড়িতে বিশ্রামে রয়েছেন, তাও স্পষ্ট নয়। সম্প্রতি দীপক কুমার মিশ্র পরিচালিত ‘দ্য ভান’ ছবিতে তমান্না ভাটিয়া ও মনীশ পলের সঙ্গে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে।
কিছুদিন আগেই স্ত্রী কিয়ারা ও মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন সিদ্ধার্থ। বিচ ভ্যাকেশনের কিছু মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ছবিগুলিতে কিয়ারাকে সমুদ্র সৈকতে রোদ পোহাতে এবং মনোরম প্রকৃতির মাঝে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে। দ্বিতীয়বার মা হওয়ার আনন্দের একটা আলাদা দীপ্তি ফুটে উঠেছে তাঁর চেহারায়, যা দেখে অনুরাগীরা মুগ্ধ।
https://www.youtube.com/watch?v=TTaC77AoBTQ
অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ের বালিতে তাঁদের তিনজনের পায়ের ছাপ। মেয়ে সারায়হর বালি মাখা ছোট্ট দুটো পায়ের পাতা। সিদ্ধার্থের সঙ্গে একটি মিরর সেলফিও পোস্ট করেন কিয়ারা। যদিও তারকা দম্পতি সবসময়ই তাঁদের মেয়ের মুখ আড়ালে রাখেন, এই ছবিতেও তার অন্যথা হয়নি।
প্রসঙ্গত, মেয়ের দেড় বছর হতে না হতেই ফের মা হচ্ছেন কিয়ারা। সম্প্রতি, সমাজমাধ্যমে নিজেরাই এই সুখবর ভাগ করে নিয়েছেন। জানা যাচ্ছে আগামী বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সন্তান আসবে সিদ্ধার্থ-কিয়ারার কোলে।
