
সিলেটে মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ২টা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা মুফতি রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা) বলেন, মানবজীবনের প্রকৃত সফলতা, আত্মিক শান্তি ও পরকালীন মুক্তির মূল ভিত্তি হলো ঈমান ও সৎ আমল। ইসলামী জীবনদর্শনে ঈমান ও আমল পরস্পর অবিচ্ছেদ্য। একটিকে বাদ দিয়ে অন্যটি পূর্ণতা পায় না।
তিনি বলেন, মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, তাঁর প্রেরিত রাসুলদের প্রতি ঈমান আনা এবং দ্বীনের নির্দেশনাকে অন্তরে ধারণ করাই ঈমানের মূল কথা। আর সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন ঘটে মানুষের দৈনন্দিন কর্মে। সালাত আদায়, জাকাত প্রদান, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, মানুষের অধিকার আদায় এবং সবার সঙ্গে উত্তম আচরণ সৎ আমলের গুরুত্বপূর্ণ অংশ।
মহাসম্মেলনে তাফসির পেশ করেন মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মুফতি মেরাজুল হক, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার, সিলেটের মৌচাক জামে মসজিদের খতিব মুফতি খন্দকার হারুনুর রশিদ, জালালাবাদ আবাসিক এলাকার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ, সমিতির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া এবং হরিপুরের লামাশ্যামপুর মুঈনুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা মীম সুফিয়ানসহ বিশিষ্ট আলেমরা।
মাহফিলের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলার প্রিন্সিপাল ও সমিতির উপদেষ্টা হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার শিক্ষা সচিব ও সমিতির উপদেষ্টা মুফতি শফিকুর রহমান, জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ সাইফুল্লাহ এবং সমিতির সভাপতি মাওলানা সাইদুর রহমান।
মাহফিলে বক্তারা মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে সরকার, সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, মুয়াজ্জিন কল্যাণ সমিতির মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের সুধীজন, বিত্তবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
মহাসম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ। একই সঙ্গে তাঁরা মাহফিলে উপস্থিতি এবং বিভিন্নভাবে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
