সংবাদ · সাধারণ
ঢাকায় সমাবেশে হামলার প্রতিবাদে ঝিনাইদহে বাম জোটের বিক্ষোভ
১১/১০/২০২৬

চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে এবং ঢাকায় বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল ও সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট জেলা শাখা। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের ওয়াজির আলী স্কুলের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি স্বপন বাগচীর সভাপতিত্বে ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব।বক্তারা বলেন, সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন, ক্ষেতমজুর সমিতির নেতা মনিরুজ্জামান মিলন, বাসদ (মার্ক্সবাদী) নেত্রী সীমা দত্তসহ শতাধিক নেতাকর্মীকে ঢাকায় নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা চুক্তি স্বাক্ষরবিরোধী আন্দোলন চলাকালে পুলিশ পিটিয়ে রক্তাক্ত করেছে। সরকারের পেটোয়া বাহিনী দিয়ে অতীতে কোনো ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা যায়নি। চলমান চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলনে হামলা, মামলা, দমন-পীড়ন ও নারী নির্যাতন চালিয়ে সাম্রাজ্যবাদী আমেরিকার স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।নেতৃবৃন্দ আরও বলেন, সব ধরনের হামলা-মামলা প্রতিরোধ করে কমিউনিস্ট, বামপন্থী ও গণতান্ত্রিক শক্তি প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আবারও সাম্রাজ্যবাদবিরোধী গণঅভ্যুত্থান ঘটিয়ে জনগণের বিজয় নিশ্চিত করবে।
মূল প্রতিবেদনে যান ↗