প্রকাশিত: ২০:২৩, ২১ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকট মোকাবিলায় মাঠপর্যায়ের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্যোগের অংশ হিসেবে উপজেলা নির্বাচন অফিসের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে কমিশন।
বুধবার (২১ অক্টোবর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানান।
ইতোমধ্যে উদ্যোগটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা নির্বাচন অফিসের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় নীতিগতভাবে একমত। তবে মাঠপর্যায়ের অফিসগুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ-সংক্রান্ত চলমান প্রকল্পের বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় অনাপত্তিপত্র দিতে হবে।
জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ইসি সচিবালয় প্রশাসনিক কার্যক্রমেও গতি আনার উদ্যোগ নিয়েছে। আসন্ন সমন্বয় সভাকে সামনে রেখে মাঠপর্যায়ের অফিসগুলোর যাবতীয় মালামাল ও সরঞ্জামাদির একটি হালনাগাদ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ভোটার নিবন্ধন ফরম-২ আপডেট বা হালনাগাদকরণের প্রস্তাব আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তুত রাখতে হবে। একই সাথে মাঠ কার্যালয়গুলোর ব্যবহৃত মালামালের স্টক এবং কোন কোন সরঞ্জাম বর্তমানে সচল ও অচল অবস্থায় রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে পরবর্তী সমন্বয় সভায় জমা দিতে বলা হয়েছে।
