
বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠন, প্রস্তুতি ও সুযোগ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) ও বাউয়েট ক্যারিয়ার ক্লাবের (বিসিসি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল টি-বারে এ সেমিনারের আয়োজন করা হয়। এর শিরোনাম ছিল ‘বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার নির্দেশনা, প্রস্তুতি ও সুযোগ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে দিকনির্দেশনা দেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।
সেমিনারে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার কৌশল, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সরকারি চাকরি ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে উৎসাহিত করা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.) এবং ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের উপদেষ্টা ও আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ প্রতিম দেবনাথ।
