তবে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এক হোয়াটসঅ্যাপ বার্তায় ‘ভিন্ন কথা’ বলেছেন।
Published : 14 Oct 2026, 11:20 PM
Updated : 14 Oct 2026, 11:20 PM
জামায়াতে ইসলামীর কুমিল্লা ‘মহানগর আমির নির্বাচনকে সামনে রেখে দুপক্ষের সমর্থকদের মধ্যে’ সংঘর্ষের সময় এক নেতার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, বুধবার সন্ধ্যার পর মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয় নগরীর মোগলটুলি এলাকায় ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে।
তিনি দাবি করেন, “জামায়াতের মহানগর আমির নির্বাচন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর মেলেনি। যে গাড়িটি ভাঙচুর করা হয়েছে, সেটি দলটির মহানগরীর সেক্রেটারি জেনারেল মু. মাহবুবর রহমান ব্যবহার করতেন।
ঘটনার পর কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এক হোয়াটসঅ্যাপ বার্তায় বলেছেন, “জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এসব সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
“প্রকৃত ঘটনা হচ্ছে, বুধবার রাত ৭টার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হৈচৈ করে। এসময় তারা শোর-চিৎকার করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে।”
তিনি বলেন, “আমরা ঘটনা তদন্ত করে দেখতেছি। এর পিছনে কারা জড়িত কেনইবা তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো- এসবের বিস্তারিত জেনে আমরা পুনরায় সংবাদমাধ্যমকে অবহিত করব।”
