হকারদের বিকল্প জীবিকার ব্যবস্থা নিশ্চিত করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হকারদের নিয়ে সমাবেশ করে সংগঠনটি।
বক্তারা বলেন, হকারদের আয়ের সঙ্গে তাঁদের পরিবারের জীবিকা জড়িত। তাই স্থায়ী পুনর্বাসন এবং সুশৃঙ্খলভাবে ব্যবসা করার সুযোগের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা প্রয়োজন।
সমাবেশ থেকে জীবিকা সুরক্ষা আইন, প্রকৃত হকারদের তালিকা তৈরি এবং পুনর্বাসনের মহাপরিকল্পনাসহ কয়েকটি দাবি জানানো হয়। জাতীয় বাজেটে বরাদ্দ এবং হকার্স মার্কেটে প্রকৃত ব্যবসায়ীদের দোকান দেওয়ার কথাও বলেন নেতারা। উচ্ছেদকেন্দ্রিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তাঁরা।
