টটেনহ্যামের প্রথম জয়
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত
-->অবশেষে জয়ের দেখা পেল টটেনহ্যাম । দীর্ঘ অপেক্ষার পর চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম জয় তুলে নিল লন্ডনের ক্লাবটি। ঘরের মাঠে কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে স্বস্তি ফিরেছে শিবিরে। জয়ের ম্যাচে গোল করেছেন জেমস ম্যাডিসন, ওমর মারমুশ ও বেন ডেভিস। কভেন্ট্রির একমাত্র গোলদাতা জ্যাক রুডোনি।
সোমবার (১৯ অক্টোবর) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টটেনহ্যাম। ১৪ মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা। দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ম্যাডিসন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি টটেনহ্যাম।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কভেন্ট্রি। ৪৯ মিনিটে জ্যাক রুডোনির গোলে সমতায় ফেরে দলটি। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮ মিনিটে অ্যান্ডি রবার্টসনের পাস থেকে গোল করেন ওমর মারমুশ। টটেনহ্যামের জার্সিতে এটি তার প্রথম গোল।
আরও পড়ুন
শেষ দিকে সমতা ফিরতে মরিয়া হয়ে ওঠে কভেন্ট্রি। আক্রমণে লোক বাড়াতে গিয়ে রক্ষণে জায়গা ছেড়ে দেয় তারা। সেই সুযোগ কাজে লাগায় টটেনহ্যাম। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডমিনিক সোলাঙ্কের পাস থেকে গোল করেন বদলি খেলোয়াড় বেন ডেভিস। নিশ্চিত হয় ৩-১ গোলের জয়।
এই জয়ে সাত ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম। মৌসুমের শুরুতে হতাশাজনক পারফরম্যান্সের পর এই জয় দলটির জন্য বড় স্বস্তি।
আরও পড়ুন
পাপ্পু/
আরও পড়ুন
ফিফার কাছে ৪২ প্রশ্নের জবাব চাইল উয়েফা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
-->বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ঘিরে বাড়ছে বিতর্ক। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির উদ্যোগ, যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এসব বিষয়ে জবাবদিহি চেয়ে ফিফার কাছে ৪২টি প্রশ্ন পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামী ২ নভেম্বরের মধ্যে সব প্রশ্নের লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি চেয়েছে সংস্থাটি।
১৯ অক্টোবরের উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস চিঠিটি পাঠান ফিফার জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমকে। এতে ফিফার প্রশাসনিক স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প। এ উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপের অংশবিশেষ বিক্রি করে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য মার্কিন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির মালিক জোশ কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
আরও পড়ুন
উয়েফার অভিযোগ, ফিফা কাউন্সিলের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। কারা থ্রাইভ ক্যাপিটালকে একচ্ছত্র অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, প্রকল্পটি প্রথম কখন উত্থাপিত হয়েছিল এবং কারা এতে যুক্ত ছিলেন-এসব প্রশ্নের উত্তর চেয়েছে ইউরোপীয় সংস্থাটি।
বালোগানের লাল কার্ড বাতিলের বিষয়টিও চিঠিতে গুরুত্ব পেয়েছে। এ সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ইনফান্তিনোর কাছে কী চাওয়া হয়েছিল, তা জানতে চেয়েছে উয়েফা। পাশাপাশি ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।
আরও পড়ুন
চিঠিতে থিওডোরিডিস জানান, ফিফা কাউন্সিলের সদস্যদের তোলা মৌলিক প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর এখনও মেলেনি। চাওয়া নথিপত্রও সরবরাহ করা হয়নি। এফএফই প্রকল্প প্রত্যাহার ও সম্ভাব্য প্রশাসনিক সংস্কারের ঘোষণা দিয়েও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ দূর করতে পারেনি ফিফা।
এর আগে প্রকল্পটি নিয়ে আপত্তি জানিয়ে ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছিল উয়েফা। পরে প্রকল্পটির পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা পেয়ে সেই হুমকি প্রত্যাহার করে সংস্থাটি। তবে ২০২৭ সালের নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতা অব্যাহত রেখেছে তারা।
আগামী ১৮ নভেম্বর ফিফা সভাপতি পদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে নির্বাচন। এখন পর্যন্ত ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর নাম সামনে আসেনি।
পাপ্পু/
আরও পড়ুন
আর্জেন্টিনার কাছে হেরে রেফারির সমালোচনা, শাস্তি পেলেন মিসরের ৩ জন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত
-->বিশ্বকাপের মাঠে হার। এরপর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ। তারই জেরে শাস্তির মুখে পড়ল মিসরীয় ফুটবল দল। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিকে সমালোচনা করায় মিসরের কোচ হোসাম হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফরোয়ার্ড মোস্তফা জিকো নিষিদ্ধ হয়েছেন পাঁচ ম্যাচের জন্য। তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দলের জাতীয় পরিচালক ও হোসামের যমজ ভাই ইব্রাহিম হাসানও।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
শেষ ষোলো থেকে মিসরের বিদায়ের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন হোসাম হাসান। ৬০ বছর বয়সি এই কোচের অভিযোগ ছিল, রেফারির ভুল সিদ্ধান্তেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দলকে। অন্যদিকে, ম্যাচের পর সাক্ষাৎকারে রেফারিকে গালিগালাজ করায় শাস্তি পেয়েছেন জিকো।
আরও পড়ুন
ম্যাচের শেষ দিকে স্কোর ছিল ২-২। এ সময় পেনাল্টির জোরালো আবেদন জানায় মিসর। এর আগে ফাউলের কারণে জিকোর একটি গোলও বাতিল করা হয়েছিল। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় মিসর।
তবে রেফারিদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা। তিনি বলেন, এ ধরনের অভিযোগ রেফারি ও তাদের পরিবারের জন্য হুমকির ঝুঁকি বাড়াতে পারে।
আরও পড়ুন
ইএফএ জানিয়েছে, নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ জানতে ফিফার কাছে অনুরোধ করা হয়েছে। শাস্তির আইনি দিক পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
এই নিষেধাজ্ঞায় আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে দলকে নেতৃত্ব দিতে পারবেন না হোসাম হাসান। ইব্রাহিম হাসানও থাকতে পারবেন না দলের সঙ্গে। তাদের নিষেধাজ্ঞা মার্চের আন্তর্জাতিক উইন্ডোর প্রথম ম্যাচ পর্যন্ত কার্যকর থাকবে। অন্যদিকে, জিকোর নিষেধাজ্ঞা চলবে আগামী জুন পর্যন্ত।
পাপ্পু/
আরও পড়ুন
ম্যানচেস্টার সিটিতে বাড়ল দুশ্চিন্তা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: সংগৃহীত
-->ম্যানচেস্টার সিটিতে দুঃসংবাদ। হাঁটুর চোটে প্রায় আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে উইঙ্গার অতোয়ান সেমেনোকে। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ এনজো মারেস্কা। এতে আক্রমণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সিটিকে।
শনিবার প্রিমিয়ার লিগে ইপসউইচের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সেমেনো। এরপরই চোটে পড়েন ঘানার এই আন্তর্জাতিক ফুটবলার।
প্রথমে চোটের মাত্রা নিয়ে উদ্বিগ্ন ছিল সিটি শিবির। তবে স্ক্যানের রিপোর্টে কিছুটা স্বস্তি মিলেছে। মারেস্কা বলেন, ‘শুরুতে আমরা আরও গুরুতর চোটের আশঙ্কা করেছিলাম, তাই আমরা বেশি চিন্তিত ছিলাম। তবে গতকালের স্ক্যানের পর আমরা বেশ স্বস্তি বোধ করছি, কারণ চোটটি আমাদের আশঙ্কার চেয়ে গুরুতর নয়।’
আরও পড়ুন
সেমেনোর অনুপস্থিতিতে আক্রমণভাগের বিকল্প নিয়ে চাপে পড়তে পারে সিটি। বিশেষ করে মূল স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিশ্রাম দিতে হলে বাড়বে দুশ্চিন্তা। ইপসউইচের বিপক্ষে ম্যাচ শেষে গোড়ালির সমস্যায় খুঁড়িয়ে মাঠ ছাড়েন হালান্ডও।
আজ (২০ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে এএইকে এথেন্সের বিপক্ষে মাঠে নামার কথা ম্যানসিটির। এএইকে এথেন্সের বিপক্ষে হালান্ড খেলতে পারবেন কি না-এমন প্রশ্নে মারেস্কা জানান, ‘দেখা যাক কী হয়।’
আরও পড়ুন
গত জানুয়ারিতে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেন সেমেনো। তবে চলতি মৌসুমে এখনো নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন মাত্র দুটি গোল। দুটিই এসেছিল গত মাসে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে।
পাপ্পু/
আরও পড়ুন
বোল্যান্ডের তোপে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম
ছবি: সংগৃহীত
-->সেন্ট জর্জেস পার্কে বল হাতে আগুন ঝরালেন স্কট বোল্যান্ড। তার বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির বাধা পেরিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৯৭ রান। প্রথম ইনিংসেই চাপে পড়েছে প্রোটিয়ারা। ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারী অস্ট্রেলিয়ার হাতে।
সোমবার (১৯ অক্টোবর) বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে মাঠে গড়ায় বল। দিনভর খেলা হয়েছে মাত্র ৩০.৪ ওভার। তাতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেয় অস্ট্রেলিয়া।
বোল্যান্ড ছিলেন সবচেয়ে সফল বোলার। ৩১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। দিনের শুরুতেই তার শিকার হন অভিষিক্ত ওপেনার মার্কাস অ্যাকারম্যান। মাত্র ৬ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। মিচেল স্টার্কের বলে ৪ রানে ফেরেন ম্যাথিউ ব্রিটজকে।
আরও পড়ুন
মাত্র ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিরোধ গড়েন অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ৫২ রান। তবে সেই জুটিও ভাঙেন বোল্যান্ড। ৩১ রান করা রিকেলটনকে দুর্দান্ত ক্যাচে ফেরান ম্যাট রেনশ।
দিন শেষে বাভুমা ৪১ রানে অপরাজিত। অন্য প্রান্তে উইয়ান মুল্ডারের সংগ্রহ ২ রান। মঙ্গলবার (২০ অক্টোবর) তৃতীয় দিনে এই জুটি থেকেই ঘুরে দাঁড়ানোর আশা করবে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে ডারবানে ২১৪ রানের বড় ব্যবধানে হেরেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্টেও তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
আরও পড়ুন
পাপ্পু/
