জনগণের অফুরন্ত ভালোবাসা, আস্থা ও বিশ্বাসকে পাথেয় করে দিনাজপুরের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুর পৌরসভার লালবাগ গোরস্থানের দক্ষিণ দিকে সীমানাপ্রাচীর এবং লালবাগ এতিমখানা মাদ্রাসার নবনির্মিত শিক্ষা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আমার প্রতি মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের কারণেই টানা তিনবার পৌর মেয়র হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া এবং সবার সম্মিলিত ভোটে আজ আমি দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।”
দিনাজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি অতীতেও আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও সর্বদা দিনাজপুরবাসীর কল্যাণে পাশে থাকব।”
তিনি দিনাজপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, লালবাগ গোরস্থানের সিনিয়র সহসভাপতি আক্তার আজিজ, বাস মালিক সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং লায়ন্স ক্লাবের সহসভাপতি মো. শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে লালবাগ ২ নম্বর মসজিদের খতিব আতিকুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
The post সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলমের appeared first on ভোরের চেতনা.
