সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা স্বাস্থ্য সংস্কারের দায়িত্বে তারা চিকিৎসা নেয় বিদেশে। যারা শিক্ষা খাতকে সংস্কার করতে চায় তাদের ছেলেমেয়েরা পড়ে বিদেশে। গতকাল রোববার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে, আর বিএনপি নির্বাচনের ফল চুরি করেছে। নির্বাচনের পর তারা অর্ধেক ফল মেনে নিয়েছে আর অর্ধেক মানেনি। যে অর্ধেকে বিরোধীরা জিতেছে তা তারা মানতে পারেনি। হাসনাতের দাবি, নিজেদের পক্ষে যাওয়া ফল মেনে নিলেও গণভোটের ফল মানেনি বিএনপি। সংবিধান সংস্কার পরিষদের শপথও নেয়নি। ফলে জুলাই সনদ এখন কার্যকারিতা হারিয়ে অলংকারে পরিণত হয়েছে। অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও গত সাত মাসে ১৭ বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া গতকাল যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের দেশের রাজনীতিবিদেরা দেশটাকে এতটাই ভালোবাসেন যে, এই দেশের মাটিতে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে পর্যন্ত ভরসা পান না!’ সে জন্য তারা নিজের সন্তানকে বিদেশে রেখে আরেকজনের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে নিজের পেছনে রাজনীতি করায়। আর বোকা প্রকৃতির জনতা এসব নেতার পেছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করে, পরিবারের হক নষ্ট করে। ‘অর্থের অভাবে কর্মীর সন্তানকে চিকিৎসা করাতে হয় চানখারপুল, আর নেতার ছেলে সে সময় মাস্তি করে লিভারপুল। নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।’