প্রকাশিত: ১৪:০৭, ২২ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মারা যাওয়া লাল চান মিয়া ও তার স্ত্রী নাসিমা
গাজীপুর মহানগরীর টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের ১৬ বছর বয়সী মেয়ে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
বুধবার রাত ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য জানান।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা (৫০)। নাসিমা একই এলাকার ইয়াকুব আলীর মেয়ে। তারা পরিবার নিয়ে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় মাস্টার বাড়ির পাশে ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ওই বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতরে গ্যাস জমে যায়। একপর্যায়ে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও তাদের মেয়ে তানিশা (১৬) গুরুতর দগ্ধ হন।
পরে প্রতিবেশীরা দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তাদের মেয়ে তানিশা এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাদের মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে। নিহতদের মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
