দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫৬ জন রোগী। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।
রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের।
স্বাস্থ্য অধিদফতরের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২২৫ জন, বরিশালে ১৩৫ জন, সিলেটে ১৩৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ৩৯ জন এবং রাজশাহী বিভাগে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৬৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪০০ জন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হলেও চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন। চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।
