সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। যথাযথ ধর্মীয় মর্যাদায় আনন্দ মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে এই উৎসব।
দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা পাঁচদিনের ছুটি। ছুটি শেষ হবে আগামী ২৪ অক্টোবর (রবিবার)। সরকারি অফিস আদালতের পাশাপাশি বন্ধ থাকবে স্কুল-কলেজ, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার বাজারসহ অন্যান্য প্রতিষ্ঠান।
গত ৭ অক্টোবর ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার শনিবার থাকছে দুদিন সাপ্তাহিক ছুটি।
গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটানো যাবে।
পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানের কর্মদিবস ২২ অক্টোবরও (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করায় মঙ্গলবার থেকে টানা পাঁচদিনের ছুটি শুরু হচ্ছে। সেই হিসাবে আজ সোমবারই (১৯ অক্টোবর) ছুটির আগে শেষ কর্মদিবস। অফিস শেষে কর্মকর্তা-কর্মচারীরা ছুটি কাটাতে চলে যাবেন নিজ নিজ গন্তব্যে। অনেকেই চলে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে।
টানা পাঁচদিনের ছুটি উপলক্ষে সোমবার বিকেল থেকে বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় হতে পারে। পথে পথে যানজট বিড়ম্বনায়ও পড়তে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার শেষ কর্মদিবস
প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে চলছে স্বাভাবিক কার্যক্রম। বেশ কিছু মন্ত্রণালয়ে সচিবসহ শীর্ষপদে রদবদল হয়েছে। যোগদান করেছেন নতুন সচিব।
সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, দীর্ঘ ছুটির আগেই শেষ কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি। স্বাভাবিকভাবে চলছে অন্যান্য কার্যক্রমও।
আজ সোমবার সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানের যোগ দিতে যান। মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও উপস্থিত হয়েছেন। দিনের কাজকর্ম করছেন। বিকাল থেকে ছুটির আমেজ শুরু হবে।
