
ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে মশাল মিছিল, উসকানিমূলক স্লোগান ও গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামের বুকেরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রুমেল আহম্মেদ রুবেল (২৮) ও সুমন আহম্মেদ (২৬)। রুবেল সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা এবং বর্তমানে নগরের জিন্দাবাজারের জল্লারপাড় এলাকায় বসবাস করেন। সুমনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামে। তিনি বর্তমানে সিলেট নগরের শেখঘাট এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বুকেরভাঙ্গা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন এবং গোপন বৈঠক করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ঘিরে ফেললে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুইজনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও নাশকতা ও সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
