মোঃ মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তামিম (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে লালপুর থানাধীন বিলমাড়িয়া গ্রামে বিলমাড়িয়া বাজারের পার্শ্ববর্তী পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত তামিম বিরোপাড়া গ্রামের মোঃ মিঠনের ছেলে। মা মোছাঃ তারজিনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম তার খালু মোঃ রহমান বিশ্বাসের বাড়ি বিলমাড়িয়া গ্রামে বেড়াতে এসেছিল। দুপুরে সে বিলমাড়িয়া বাজার সংলগ্ন পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায়। এ সময় ঘাট থেকে নদীতে লাফ দিলে সে পানিতে তলিয়ে যায়।
ঘাটে উপস্থিত লোকজন চিৎকার করে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর দুপুর ১টার দিকে খালার বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশ ঘরে রাখা হয়েছে। লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..
