পুজোর জামাকাপড় কিনে বাড়ি ফিরে ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল। ছেলে মায়ের জন্য অপেক্ষা করছিল। অনেক সময় পেরিয়ে গেলেও মা ফিরল না। এল মায়ের মৃত্যুসংবাদ। সাইকেল করে যাওয়ার পথে ট্রাকের চাকা পিষে দিল ওই তরুণীকে। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। মৃতের নাম প্রিয়াঙ্কা রায়। পঞ্চমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ঘটনা জানাজানি হতে শোকের ছায়া এলাকাতেও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২১-এর প্রিয়াঙ্কা বনগাঁর দেবগড়ের বাসিন্দা ছিলেন। তাঁর তিন বছরের পুত্র সন্তান। গতকাল, পঞ্চমীর সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু তার আগে কিছু কেনাকাটা বাকি ছিল। সেই জামাকাপড়, জিনিসপত্র কেনার জন্য সাইকেল নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওই তরুণী। ছেলেকে বলে গিয়েছিলেন, ফিরেই ঠাকুর দেখাতে নিয়ে যাবেন।
কিন্তু মায়ের আর সেই কথা রাখা হল না। নেতাজি মার্কেট সংলগ্ন যশোর রোডের উপর ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পেট্রাপোলের দিক থেকে একটি ট্রাক আসছিল। সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রিয়াঙ্কা রাস্তায় পড়ে গিয়েছিলেন। ট্রাকের চাকা উপর দিয়ে চলে যায়। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ওই তরুণীর। স্থানীয়রা রক্তাক্ত ওই তরুণীকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর দেওয়া হল পুলিশে।
এদিকে ছেলে বাড়িতে মায়ের জন্য অপেক্ষা করছিল। রাতে বাড়িতে ওই দুঃসংবাদ এসে পৌঁছয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মা যে আর ফিরবে না, সেই কথা বুঝতে পারছে না ছোট্ট ওই শিশু। পুজোর সময় আকস্মিক এই মৃত্যুতে এলাকাতেও শোকের ছায়া। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
