পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক বড়াল ব্রিজ রেলসেতুতে ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১০) নামের এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল ইসলাম পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের মো. আশরাফ ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় দাঁড়িয়ে থাকা বা সেতু অতিক্রম করার সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সামিউল প্রাণ হারায়। শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর সংবাদে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে নিহত কিশোরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জেএইচআর
