১৬ অক্টোবর, ১৯৫২
২২ গজের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথের সূচনা হয়েছিল ৭৪ বছর আগে আজকের এই দিনে। ১৯৫২ সালের ১৬ অক্টোবর বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পাঁচ বছর পর পাকিস্তানের প্রথম টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছিল সেটি। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অভিষেক হয়েছিল দেশভাগের আগেই— ১৯৩২ সালের ২৫ জুন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (বর্তমান অরুণ জেটলি স্টেডিয়াম) অনুষ্ঠিত ওই ঐতিহাসিক টেস্টে মাত্র তিন দিনের মধ্যে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ইনিংস ও ৭০ রানের বিশাল জয়ে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে একমাত্র ইনিংসে ৩৭২ রান করেছিল ভারত। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গিয়ে ফলো-অনে পড়ে। দ্বিতীয় ইনিংসেও পথের দিশা না পেয়ে ১৫২ রানে অলআউট হয়েছিল তারা।
এরপর কালের নিয়মে গড়িয়েছে অনেক জল। রাজনৈতিক বৈরিতা মাঠে ঢুকে পড়ায় শুধু ব্যাট-বলের ছকে আবদ্ধ থাকেনি ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই। সেখানে থাকে বাড়তি উত্তাপ আর উত্তেজনার নানা অনুষঙ্গ।
