প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে নগরের ঐতিহ্যবাহী জে এম সেন হলের পূজামণ্ডপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মণ্ডপে ৩০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নগরজুড়ে প্রস্তুতি জোরদার করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, জে এম সেন হলের পূজামণ্ডপে নির্ধারিত ৩০০টি আসনের মধ্যে ১৫০টি রাখা হয়েছে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতা ও প্রতিনিধিদের জন্য। বাকি ১৫০টি আসনে থাকবেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, মণ্ডপে ৩০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য প্রবেশ কার্ডের ব্যবস্থা থাকবে। কার্ড প্রদর্শন করে তারা মণ্ডপে প্রবেশ করবেন। এ ছাড়া প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জে এম সেন হলের পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপ পরিদর্শন, প্রস্তুতি তদারকি এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা কাজ করছেন। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা ঘিরে চট্টগ্রাম নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরজুড়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে।
The post প্রধানমন্ত্রীর সঙ্গে জেএমসনে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাচ্ছেন কারা? appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
