‘বিগ বস বাংলা’র ঘরে ফের উত্তেজনা তুঙ্গে। প্রতিযোগীদের মধ্যে বদলাচ্ছে সমীকরণ, বাড়ছে অশান্তি। তবে এবার রাজবীর দে এবং দুর্নিবার সাহার মধ্যে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছল যে, পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হল অন্য প্রতিযোগীদের। আর তারপরেই বিগ বসের সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিলেন রাজবীর। শাস্তি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিগ বসের নিরপেক্ষতা নিয়েও অভিযোগ তুলতে দেখা গেল তাঁকে।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের প্রকাশ করা নতুন প্রোমোতে দেখা গিয়েছে, দুর্নিবারের সঞ্চিত কয়েনগুলি যথাস্থানে নেই। সেগুলি খুঁজে না পেয়েই তাঁর সঙ্গে রাজবীরের কথা কাটাকাটি শুরু হয়। দুর্নিবারকে পাল্টা জ্ঞান দিতে থাকেন রাজবীর। সকালে আরও আগে ওঠা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একসময় রাজবীরকে চিৎকার করে ‘শাট আপ’ বলেন দুর্নিবার। জবাবে রাজবীরের ‘প্যান্টস ডাউন’ মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর দু’জনেই একে অপরের দিকে তেড়ে যান। হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে সৃজলা, রণিতা-সহ অন্য প্রতিযোগীরা দুর্নিবারকে আটকানোর চেষ্টা করেন। অন্যদিকে জীতু, নন্দিনী এবং সৌরভরা রাজবীরকে শান্ত করার চেষ্টা করেন।
এই ঘটনার পর বিগ বস দু’জনকেই সতর্ক করেন। দুর্নিবার নিজের ভুল স্বীকার করে নিলেও রাজবীরের আচরণ ছিল সম্পূর্ণ অন্যরকম। কমফেশন রুমে ডাকা না হলে মাইক খুলে ফেলার হুঁশিয়ারি দেন তিনি। শুধু হুঁশিয়ারিতেই থেমে থাকেননি, সত্যিই মাইক খুলে ফেলেন রাজবীর। বিগ বস তাঁকে মাইক পরতে বললেও তিনি তা মানতে চাননি।
এরপর শাস্তি ঘোষণা করেন বিগ বস। দুর্নিবারকে ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি আগামী দু’সপ্তাহের জন্য ক্যাপ্টেন পদে মনোনয়নের সুযোগ থেকেও তাঁকে বাদ দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি রাজবীর। তাঁর মতে, শাস্তির মাত্রা যথেষ্ট কঠোর। একই সঙ্গে তাঁর অভিযোগ, দুর্নিবারকে সতর্ক করা হলেও অন্য প্রতিযোগী রাজবীরকে একইভাবে সতর্ক করা হয়নি। বিগ বসের এই সিদ্ধান্তের প্রতিবাদে তাঁকে কটাক্ষ করতেও দেখা যায়। রাগে ঘর ছেড়ে উঠে চলে যান তিনি।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারত। তবে শেষ পর্যন্ত নন্দিনী রাজবীরকে বোঝানোর চেষ্টা করেন। তাঁর কথায় কিছুটা শান্ত হন রাজবীর। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন একটাই—বিগ বসের সিদ্ধান্ত নিয়ে রাজবীরের ক্ষোভ কি এখানেই থামবে? নাকি তাঁর এই আচরণ ঘিরে আগামী দিনে আরও বড় কোনও বিতর্ক তৈরি হবে ‘বিগ বস বাংলা’র ঘরে? নজর এখন পরবর্তী পর্বের দিকে।
