মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরে বসে কালার প্রিন্টার দিয়ে জাল টাকা তৈরির সময় শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় ২০০ টাকার নোটের আদলে তৈরি মোট দুই লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের একটি একতলা ভবনের উত্তর পাশের কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে আজ সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শ্রাবণ হোসেন ওই এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। শ্রাবণ আগে থেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন।
অভিযানে দুই লাখ টাকার জাল নোট ছাড়াও একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়েছে।
