নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন করা পূজামণ্ডপগুলো হলো চিংনি গোপালবাড়ি পূজামণ্ডপ, লেংগুরা পূজামণ্ডপ ও বেলতলী পূজামণ্ডপ।
এ সময় উপস্থিত ছিলেন লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিলন, সদস্যসচিব নবীন হাওলাদারসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে যুবদল নেতারা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, পূজা উদ্যাপনের প্রস্তুতি ও অন্যান্য বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন মিয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে যুবদল সবসময় মাঠে থাকবে।”
এদিকে, যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হবে।
The post কলমাকান্দায় তিন পূজামণ্ডপ পরিদর্শন করল লেংগুরা ইউনিয়ন যুবদল appeared first on ভোরের চেতনা.
