রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম ও ড্রিমারস কনসালটেশন অ্যান্ড রিসার্চের সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের সমাপ্তি হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম শেষ হয়। এর আগে গতকাল রোববার (১১ অক্টোবর) ক্যাম্পটির কার্যক্রম শুরু হয়।
রাজশাহী মহানগরে এনডিএফ এর সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘৩ মাস পরপর যদি এরকম ক্যাম্পের আয়োজন করা হয় তাহলে রোগীরা ফলোআপ পায়। এটা করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল ইউনিটটা আছে সেটা আরও শক্তিশালী করা দরকার। রাকসুকে আহ্বান জানাবো মেডিকেল ইউনিটটা আরও আধুনিক ও যুগোপযোগী করার জন্য। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে তা সমাধান করা সম্ভব। যদি এরকম ক্যাম্পের আরও আয়োজন করা হয় তাহলে রাজশাহী মেডিকেল কলেজ সব সময় পাশে থাকবে।’
সমাপনি বক্তব্য রাকসু সহ-সভাপতি মোস্তাফিকুর রহমান জাহিদ বলেন, ‘গত দুই দিনে সম্ভাব্য ৮ থেকে ১০ হাজার শিক্ষার্থী সেবা নিয়েছে।এই সেবার মূল্যমান হিসাব করলে অনেক টাকা আসে।আমরা তবুও শিক্ষার্থীদের ফ্রি সেবা দিয়ে শুধু ইশতেহার বাস্তবায়ন করতেছি এরকম না। শিক্ষার্থীরা উপকৃত হলে আমরাও উপকৃত হবো।
তিনি আরও বলেন,‘আমাদের ৭৩ শতাংশ ইশতেহার বাস্তবায়ন হয়েছে। সামনে আমরা আরও কিছু ইশতেহার বাস্তবায়িত হলে আমাদের প্রায় শতভাগ ইশতেহার বাস্তবায়িত হবে।
অনুষ্ঠান শেষে ন্যাশনাল ডক্টরস ফোরাম ও ড্রিমারস কনসালটেশন অ্যান্ড রিসার্চের নেতৃবৃন্দদের ক্রেস প্রদান করা হয়।
