নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট :
২০ অক্টোবর ২০২৬, ১৮: ১৩

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পৌরসভার সাবেক দুই মেয়র ও উপজেলা পরিষদের সাবেক এক চেয়ারম্যান রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ (৬১), একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু (৬৪) এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম (৬৩)।
পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা আজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন নেতার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মোবাইল ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাঁরা ঢাকায় অবস্থান করে দলীয় কার্যক্রম জোরদার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পাবনার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।

