মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকার সোমবার (১৯ অক্টোবর) দেশটির কারাবন্দী সাবেক নেত্রী অং সান সু চির বিরল কিছু ছবি প্রকাশ করেছে। সরকার জানিয়েছে, কর্মকর্তারা তার কাছে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পাঠানো বই ও চিঠি পৌঁছে দিয়েছেন।
মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্রের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্ট অনুযায়ী, কর্মকর্তারা দুটি বই—‘দ্য ল্যান্ড গার্ডেনার্স: সয়েল টু টেবিল’ এবং ‘সয়েল: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট’—পৌঁছে দিয়েছেন। এর সঙ্গে ছিল একটি সিল করা খাম এবং রাজা তৃতীয় চার্লসের পাঠানো একটি কূটনৈতিক বার্তা।
তবে প্রকাশিত ছবিগুলো কোথায় বসে তোলা সে সম্পর্কে কিছু জানা যায়নি।
৮১ বছর বয়সী সু চিকে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে আটক রাখা হয়েছে। ওই সময় সামরিক বাহিনী তার সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং ভোরে অভিযান চালিয়ে বেসামরিক নেতাদের গ্রেপ্তার করে।
বই ও চিঠি পৌঁছে দেয়ার এই ঘটনা সু চির সঙ্গে বিদেশি পক্ষের বিরল যোগাযোগের ইঙ্গিত দেয়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে তার অবস্থান ও স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে।
তার সঙ্গে প্রকাশ্যে কোনো বিদেশি নেতা বা দূত সাক্ষাৎ করেননি, যদিও এ ধরনের সাক্ষাতের অনুরোধ জানানো হয়েছে।
নোবেলজয়ী সু চিকে চলতি বছরের এপ্রিলে গৃহবন্দিত্বে নেয়া হয়। সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের পর অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
আগস্টে সু চির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একজন প্রতিনিধি সাক্ষাৎ করেন। তার স্বাস্থ্য ও শারীরিক অবস্থা নিয়ে বছরের পর বছর ধরে প্রশ্ন ওঠার পর এই সাক্ষাৎ হয়।
বিভিন্ন অভিযোগে বর্তমানে নির্ধারিত একটি বাসভবনে ১৮ বছরের কারাদণ্ড ভোগ করছেন সু চি। তার বিরুদ্ধে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ নানা অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগই তিনি অস্বীকার করেছেন।
