ঢাকা,১৪ অক্টোবর-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম খান মো. স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এতে আরও জানানো হয়, এ নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গরুর মাংসের খিচুড়ি রান্নার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই বুধবার এ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এস এম/ ১৪ অক্টোবর ২০২৬
