সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার দুটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০৩ কোটি ৪৫ লাখ টাকা। প্রতি কেজি চিনি কেনা হবে ১০২ টাকা ৯৫ পয়সা ও ১০৩ টাকা ৯৫ পয়সা দরে। উভয় প্রস্তাবেই সরবরাহকারী হিসেবে নির্বাচিত হয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড।
বুধবার (১৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। থাইল্যান্ড থেকে অনলাইনে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চিনি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম প্রস্তাবে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ৫১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০২ টাকা ৯৫ পয়সা। ভ্যাট ও করসহ এ দরে ৫০ কেজির বস্তায় চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
অন্য প্রস্তাবে একই প্রতিষ্ঠান থেকে আরও ৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে মোট ব্যয় হবে ৫১ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা। এ প্রস্তাবের দামেও ভ্যাট ও কর অন্তর্ভুক্ত রয়েছে।
দুটি প্রস্তাব মিলিয়ে মোট ১০ হাজার মেট্রিক টন চিনি কিনতে সরকারের ব্যয় হবে ১০৩ কোটি ৪৫ লাখ টাকা।
