শারদীয় দুর্গাপূজার আমেজ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে আগামী মঙ্গলবার, ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের সই করা এক চিঠিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমও প্রধানমন্ত্রীর এই চট্টগ্রাম আগমনের তথ্যটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মঙ্গলবার দিনব্যাপী বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে ব্যস্ত থাকবেন। সফরের শুরুতে সকালে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে এবং দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিকেলে রাজশাহীতে আয়োজিত একটি জনসভায়ও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি আকাশপথে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন।
চট্টগ্রামে পৌঁছানোর পর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করবেন। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে উপস্থিত হবেন। সেখানে সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তাঁর ফেরার কথা রয়েছে।
The post দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান appeared first on Daily Sangbad Chorcha.
