বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে খলিলুর রহমান নামে এক দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং হয়রানি বন্ধের দাবি জানান তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মাহফুজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোসলেম উদ্দিন, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, মাহাবুল হকসহ আরও অনেকে।
মানববন্ধনে মোসলেম উদ্দিন অভিযোগ করেন, তাঁর বাবার জমি ভুয়া দলিল তৈরির মাধ্যমে আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় তিনি জমিটি উদ্ধার করেন। তবে এরপর থেকে তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে হয়রানি বন্ধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মোসলেম উদ্দিন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, দলিল লেখক খলিলুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের জমি নিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে এ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে তারা বিভিন্নভাবে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন।
মানববন্ধন থেকে অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।
The post ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন appeared first on sokalerkhobor24.com.
