কালবেলা · আন্তর্জাতিক
ইউক্রেন-রাশিয়াকে প্রকৃত যুদ্ধবিরতির আহ্বান ফ্রান্সের
১২/১০/২০২৬

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উভয় পক্ষের সম্মতিতে প্রকৃত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে দুই দেশের মধ্যে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার পর তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।
মাখোঁ বলেন, রাশিয়ার পক্ষ থেকে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের কোনো লক্ষণ তিনি দেখেননি। সাংবাদিকদের তিনি বলেন, ‘উভয় পক্ষের মধ্যে প্রকৃত যুদ্ধবিরতি হলেই কেবল অগ্রগতি সম্ভব।’
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘সাম্প্রতিক ঘণ্টাগুলোতে পাওয়া তথ্য বলছে, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় বোমা হামলা অব্যাহত রেখেছে।’
তিনি বলেন, ‘আমাদের অবস্থান পরিবর্তনের মতো বাস্তব কোনো কারণ এখনো নেই। রাশিয়া ইউক্রেনে বেসামরিক মানুষ ও অবকাঠামো; উভয়কেই লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।’
মাখোঁ বলেন, ‘আমরা জ্বালানি যুদ্ধবিরতির চেষ্টা এবং শান্তি আলোচনা পুনরায় শুরুর পক্ষে। তবে রাশিয়ার হুমকির কাছে নতি স্বীকারের পক্ষে নই।’
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কিয়েভে বিস্ময় তৈরি হয়েছে। অন্যদিকে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রোববার রাশিয়া ইউক্রেনের একাধিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। এর মধ্যে রাজধানী কিয়েভ ও খারকিভের একটি করে বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব হামলার ফলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
সূত্র : টাইমস অব ইসরায়েল
মূল প্রতিবেদনে যান ↗