বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সম্প্রীতি সৌহার্দ্যের মধ্য দিয়েই এ সমাজে আমরা বসবাস করি। এ ভূখণ্ডের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট্রান আদিবাসী মারমা, মগ সাঁওতাল সবাই আমরা বসবাস করি।
তিনি বলেন, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় বিএনপির রাজনীতিতে তার দর্শনের মাধ্যমেই এটা গড়ে তুলেছেন। এজন্য আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আমাদের রাজনীতিতে আনি নাই, চলিও নাই।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়। আরেকদিকে নারী শক্তির প্রতি প্রতি বন্দনা। মানবের কল্যাণে, এই যে আনন্দ উৎসবের মধ্যে এ কথাগুলো তুলে ধরাই আপনাদের শারদীয় দুর্গা উৎসব।
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই মিলে এ সমাজে সম্প্রীতির মধ্যে শান্তির মধ্যে বসবাস করছি। যে কোনো বিপদেআপদে আমাকে আপনারা কাছে পাবেন।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুপা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব, থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দিলীপ দেবনাথ প্রমুখ।
