স্পোর্টস ডেস্ক।।
ভারতের ঘরোয়া ক্রিকেট রনজি ট্রফিতে ইতিহাস গড়েছেন মিজোরামের ব্যাটার চিন্ময় সুতার। সোমবার প্লেট গ্রুপের ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪০০ রানের এক অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন চিন্ময়। সব মিলিয়ে ইতিহাসে মাত্র দশম ব্যাটার হিসেবে চারশ করলেন সুতার। নাগাল্যান্ডের বোলারদের সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ৫১৭ বলে ৪০০ রান করে অপরাজিত থাকেন। তার এই অতিমানবীয় ইনিংসটি সাজানো ছিল চোখধাঁধানো ৪৬টি চার এবং ৭টি দৃষ্টিনন্দন ছক্কায়।
এটি ছিল তার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ। মুম্বাইয়ের এই ক্রিকেটার বর্তমান মৌসুমে নো-অবজেকশন সার্টিফিকেট নিয়ে মিজোরামে যোগ দিয়েই এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটালেন। নাগাল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন ৩৯২ রানে নবম উইকেট হারায় মিজোরাম। তখন ২৩১ রানে অপরাজিত ছিলেন সুতার।
সেখান থেকে দশম উইকেটে লালরেমপুইয়াকে নিয়ে ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। এতে লালরেমপুইয়ার অবদান ৭৬ বলে মাত্র ১৪ রান।
সঙ্গীকে নিরাপদে রেখে অন্যপ্রান্তে রানের স্রোত অব্যাহত রাখেন সুতার। নবম উইকেট পড়ার পর ২০১ বল খেলে আরও ১৬৯ রান যোগ করেন তিন নম্বরে নামা ব্যাটার। সব মিলিয়ে তার ৪০০ রান পূর্ণ হতেই ৯ উইকেটে ৫৮১ রানে ইনিংস ঘোষণা করে মিজোরাম।
সুতারের আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে চারশ করার কৃতিত্ব রয়েছে শুধু ভাউসাহেব নিম্বালকারের। ১৯৪৮ সালের রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে কাঠিওয়ারের বিপক্ষে ৪৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভাউসাহেব।
প্রথম শ্রেণির ক্রিকেটে সুতারের আগে ৪০০ রানের নজির আছে আর ৯ জনের- ব্রায়ান লারা (৫০১* ও ৪০০), হানিফ মোহাম্মদ (৪৯৯), ডন ব্র্যাডম্যান (৪৫২), ভাউসাহেব নিম্বালকার (৪৪৩), বিল পন্সফোর্ড (৪৩৭ ও ৪২৯), আফতাব বালুচ (৪২৮), আর্চি ম্যাকলারেন (৪২৪) ও স্যাম নর্থইস্ট (৪১০), গ্রায়েম হিক (৪০৫*)।
