Published on
:
1 min read
এই সময়: গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছিল, তৃণমূল অথবা এনসিপিআইয়ের কোনও নেতাকে বিজেপি পুরভোটে টিকিট দেবে কি না, তা নিয়ে। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য শুক্রবার সেই জল্পনায় জল ঢেলে স্পষ্ট বলেন, ‘এই ধরনের কোনও খবর আমার কাছে নেই। আমার কাছে না থাকার অর্থ দলের কাছেও নেই। পার্টিতে এ সব নিয়ে কোনও আলোচনা হয়নি।’
সেই সূত্র ধরে কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুকান্ত মজুমদার শনিবার সাফ বলেন, ‘কলকাতা পুরসভার ২০৯টি আসনে পদ্ম প্রতীকে একাই লড়বে বিজেপি।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘বিজেপির যাঁরা পুরোনো কার্যকর্তা, যাঁরা ভোটের আগে বিজেপির সঙ্গে ছিলেন, তাঁদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে।’ তবে বিধিসম্মত সতর্কবার্তার মতো সুকান্ত তাঁর বক্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না।’ তাহলে কি, তৃণমূল কাউন্সিলারদের জন্য বিজেপি তাদের দরজা পুরোপুরি বন্ধ করেনি? রাজ্য বিজেপি নেতৃত্বের সিংহভাগ নেতার দাবি, সেই সম্ভাবনা নেই বললেই চলে।
এ দিকে প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে দলের সাংগঠনিক স্তরে মতামত ও বুথ স্তরে তথ্য যাচাই করে নিতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। পুরভোটে সমাজের বিশিষ্টদের প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে আবেদন জমা দেওয়ার ডেডলাইন ২৬ অক্টোবর পর্যন্ত বেঁধে দিয়েছে বিজেপি। ওইদিন বিকেল ৫টার মধ্যে প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র রাজ্য বিজেপি দপ্তরের বাইরে রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে বলে এ দিন জানিয়েছেন সুকান্ত। নির্বাচন ঘোষণা হওয়ার তিনদিনের মধ্যে প্রার্থীদের নাম বিজেপি ঘোষণা করবে বলেও তিনি জানান। তবে সেটা একসঙ্গে সব আসনের হতে পারে আবার আংশিকও হতে পারে।