চ্যাম্পিয়ন্স লিগে কোমো ওয়ানডে এফসির বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিপাকে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার (২১ অক্টোবর) রাতের ম্যাচে কোমো ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলদের। ম্যাচের শুরুতেই গোল হজম করার পর দল যথেষ্ট চাপ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে ব্রুনো ফের্নান্দেস বলেন, আমরা ভুল পায়ে খেলা শুরু করেছি এবং তারা খুব দ্রুতই গোল পেয়ে গেছে। বলের ওপর যথেষ্ট চাপ ছিল না এবং বল ছাড়া অফ-দ্য-বল মুভমেন্টও তেমন ভালো ছিল না। অনেক কিছুই আমাদের অনুকূলে ছিল না।
কোচিং স্টাফের ট্যাকটিকস নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ম্যান-টু-ম্যান প্রেস না করে মাঝেমধ্যে পেছনে জায়গা ছেড়ে দেওয়া এবং বলের জন্য অপেক্ষা করা কোচিং স্টাফের সিদ্ধান্ত ছিল। তবে এ ধরনের দলগুলোকে যখন আপনি জায়গা দেবেন, তারা তখন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
তার এই মন্তব্য ক্যারিকের কৌশলের সমালোচনা কি না- এমন প্রশ্নের জবাবে ব্রুনো সাফ জানিয়ে দেন, সেটা দেখার দায়িত্ব ম্যানেজার ও স্টাফদের, আমার নয়।
তিনি যোগ করেন, চাপের মুখে মাঝে মাঝে আপনাদের আরও সাহসী হতে হবে, হাই প্রেস করার ঝুঁকি নিতে হবে এবং প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতে হবে।
এদিকে কোমোর মাঠে এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়হীন থাকা কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ বেড়েছে।
ম্যাচ শেষে মাইকেল কারিক বলেন, এটি হতাশাজনকের চেয়েও বেশি কিছু। আমি মনে করি, এই পারফরম্যান্সের দায় সবার নেওয়া উচিত। দলের সার্বিক পারফরম্যান্সের দায় আমি নেব, সব দায় আমার কাঁধেই বর্তায় এবং তা নিয়ে আমার কোনো আপত্তি নেই।
তিনি আরও বলেন, তবে এই ক্লাবের একজন সমর্থক হিসেবে এমন পারফরম্যান্স দেখাটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, বলতেই হচ্ছে। দলের প্রয়োজনীয় তীব্রতার অভাব ছিল বলে স্বীকার করেন কারিক।
তিনি বলেন, ফুটবল ম্যাচে যে প্রেরণা, উদ্দেশ্য এবং তীব্রতা নিয়ে মাঠে নামতে হয়, আমরা আজ তা দেখাতে পারিনি। আজকের এই পারফরম্যান্সের জন্য আমি ক্ষমা চাচ্ছি।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম তিন ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করা ম্যানচেস্টার ইউনাইটেড তাদের পরবর্তী ম্যাচে এএস রোমার মুখোমুখি হবে।
