প্রকাশিত: ১১:২৬, ২০ অক্টোবর ২০২৬ আপডেট: ১১:৩০, ২০ অক্টোবর ২০২৬
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থলের পাশের পুকুর থেকে মঙ্গলবার সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের একটি পুকুর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে মরদেহটি পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুকুরটি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশে অবস্থিত। এই মাঠে আজ বিকেল ৩টায় মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যেই জনসভাস্থলসংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের ধারণা, দুই থেকে তিনদিন আগে গোসল করতে পুকুরে নেমে ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। এরপরও তার মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয়, বয়স এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরনে হাফ প্যান্ট ছিল। আজ সকাল ৯টার দিকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি ভেসে উঠেছিল।
তিনি জানান, মরদেহটি দেখার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তখন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে পচন ধরেছিল। তারা ধারণা করছেন, দুই থেকে তিন দিন আগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
গাজিউর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।
