অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত মুরডক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার ‘হেলথ অ্যাওয়ারনেস সেমিনার’। স্বাস্থ্য, পুষ্টি, জীবনযাপন ও সুস্থতা বিষয়ে জ্ঞানভিত্তিক আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সেমিনারে আমন্ত্রিত মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজির-এর অধ্যাপক প্রফেসর ড. মুজিবুল হক। তিনি আধুনিক জীবনযাপনে স্বাস্থ্যসচেতনতার প্রয়োজনীয়তা, প্রমাণভিত্তিক খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন এবং দীর্ঘমেয়াদে সুস্থ জীবন গড়ে তোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
আলোচনায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ, দৈনন্দিন জীবনযাপনে সচেতনতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে স্বাস্থ্যবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব বিশেষভাবে প্রাধান্য পায়। ব্যক্তিগত সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে স্বাস্থ্যকর জীবনধারা প্রতিষ্ঠায় সচেতনতার ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সেমিনারে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে আয়োজনটি স্বাস্থ্যবিষয়ক জ্ঞান বিনিময়, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পরিসরে পরিণত হয়।
বর্তমান সময়ে অসংক্রামক রোগের ঝুঁকি কমানো, পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা তৈরি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যশিক্ষার গুরুত্ব ক্রমেই বাড়ছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারা সম্পর্কে সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আন্তর্জাতিক পরিসরে স্বাস্থ্যসচেতনতা ও বিজ্ঞানভিত্তিক জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সুস্থতার চর্চা জোরদার করতে সঠিক স্বাস্থ্যতথ্য, সচেতন সিদ্ধান্ত এবং ইতিবাচক জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
