Published on
:
1 min read
এই সময়, আসানসোল: সরকারি স্কুলের নাইটগার্ডকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সতীশ মাহাতো ওরফে বিট্টু, বাড়ি রূপনারায়ণপুরের ওয়েস্ট রাঙামাটিয়া এলাকায়। তাঁর বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর আগে শুক্রবার চিত্তরঞ্জন থেকে অজয় রাম নামে আর এক অভিযুক্তকেও গ্রেপ্তার করেছিল পুলিশ।
১২ সেপ্টেম্বর গভীর রাতে আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি সরকারি স্কুলে নাইট ডিউটিতে যাওয়ার সময়ে সালানপুর থানার রূপনারায়ণপুরের ধাঙগুড়ি গ্রামের বাসিন্দা হরিদাস লায়েককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মোটরবাইক সওয়ার ওই ব্যক্তির পায়ে গুলি লাগে।
আহত অবস্থাতেই হরিদাস দুষ্কৃতীদের ছবি মোবাইলে তুলে রাখায় সেই সূত্র ধরেই তদন্তে নামে সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির যৌথ বিশেষ টিম। অবশেষে শনিবার রাতে সতীশ মাহাতোকে পাকড়াও করা হয়।
রবিবার ধৃতকে আসানসোল আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সালানপুর থানার আইসি বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন, ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদেরও ধরার চেষ্টা চলছে।