তীব্র আন্দোলনের মধ্যে এবার ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ ও রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন দেশটির তথ্যমন্ত্রী এল মুরুগান। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান তিনি। তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংগঠন আরও শক্তিশালী করতে পূর্ণ সময় দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মুরুগান। খবর হিন্দুস্তান টাইমসের।
সামাজিক মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।'
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, 'দৈনিক মজুরের ছেলের জায়গা থেকে উঠে এসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।'
মুরুগান জানান, এবার তিনি রাজনীতির একেবারে তৃণমূল স্তরে ফিরে যেতে চান। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির সংগঠনকে আরও মজবুত করতেই তিনি পূর্ণ সময় দিতে চান।
এল মুরুগান তামিলনাড়ু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর রাজ্যসভার সদস্যপদের মেয়াদ ২০৩০ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন।
