সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ৫:২২ অপরাহ্ন
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ফুচকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার এবং দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এসএমপি মিডিয়া সেলের পঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানা পুলিশ মহাজনপট্টিতে চেকপোস্ট চলাকালে একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে কাষ্টঘর মোড় সংলগ্ন পাকা সড়কের ওপর গাড়িটি আটক করে।
আটক পিকআপ ভ্যান থেকে ৯৮০ প্যাকেট ভারতীয় ফুচকা, ২০০ প্যাকেট গুঁড়া বিট লবণ, ১০০ প্যাকেট টি-সল্ট এবং ৫০ কেজি সাইট্রিক অ্যাসিড জব্দ করা হয়। উদ্ধার করা এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
এসময় অভিযানে মৌলভীবাজারের জুড়ী থানার বেলাগাঁও এলাকার মো. আতাউর রহমান (৩৫) এবং সিলেটের গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী এলাকার জেবুল আহমদ (৫৫) আটক করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
