আখাউড়ায় মমতাজ (৬০) নামে এক বৃদ্ধা ভিক্ষুক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানা গেছে। শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ছতুরা শরীফ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রিয়াজ আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধার বাড়ি ময়মনসিংহ এলাকায়। তবে প্রায় ২০ বছর ধরে তিনি ছতুরা শরীফ এলাকায় একটি বাড়িতে বসবাস করছিলেন। প্রতিদিন ভোরে ভিক্ষার উদ্দেশ্যে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান ও নার্সদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।