জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। খেলাধুলার মাধ্যমে দেশের প্রতিভাবান ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করবেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ মাঠে ‘মাইক্রোটেক্স ডিজাইন’-এর সৌজন্যে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন চিফ হুইপ।
তিনি আরও বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে এ ধরনের মানসম্মত ফুটবল টুর্নামেন্ট তরুণদের মাদকমুক্ত রাখতে ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রীড়াঙ্গনের বিকাশ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বামনা উপজেলা ও আশপাশের এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। মাঠজুড়ে হাজারো দর্শক ও ক্রীড়াপ্রেমীর সমাগম ঘটে। মেগা ফাইনালে মুখোমুখি হয় পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব ও ডৌয়াতলা সদর একাডেমি। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হলেও কোনো গোল হয়নি। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ডৌয়াতলা সদর একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয় ডৌয়াতলা সদর একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোটেক্স ডিজাইনের চেয়ারম্যান, বামনা উপজেলা বিএনপির সদস্য ও শিল্পপতি আলহাজ মো. রুহুল আমিন শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিফ হুইপ নূরুল ইসলাম মণিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ মিলন কৃষ্ণ হালদার তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান, বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, জাতীয় সংসদের চিফ হুইপের একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, বামনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান মামুন, বামনা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মল্লিক, প্যানেল চেয়ারম্যান আবু সালেহ, বামনা উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার ও সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্না।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০ নম্বর নলটোনা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম শফিকুর জামান মাহফুজ।
অনুষ্ঠানে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা এবং অনুষ্ঠানের সভাপতি আলহাজ মো. রুহুল আমিন শরীফ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
আয়োজক ও স্থানীয়দের মতে, এ ফুটবল প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও এ আয়োজন ভূমিকা রাখবে।
এমএ
