
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে সাম্প্রতিক উত্থানের গতি কমে যাওয়ায় আবারও চাপের মুখে পড়েছে বৈশ্বিক পুঁজিবাজার। এশিয়া ও ইউরোপের বাজারে প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার এআই ডেটা সেন্টার প্রতিষ্ঠান এলিসের (Elice) শেয়ারবাজারে যাত্রার প্রথম দিনেই ৩০ শতাংশের বেশি দরপতন হয়েছে। এতে এআই অবকাঠামো খাতে বিনিয়োগের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এআই-সংশ্লিষ্ট শেয়ারের ঘুরে দাঁড়ানোর পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচার সূচকে মঙ্গলবার সেই ইতিবাচক প্রবণতা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এশিয়ার বাজারে বড় ধরনের দরপতন প্রযুক্তি খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়টি সামনে এনেছে। ইউরোপেও দিনের লেনদেনের শুরুতে প্রযুক্তি খাতের শেয়ারের পতনে প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়।
দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে কসপি সূচক ব্যাপক দরপতনের মুখে পড়ে এবং বিয়ার মার্কেট বা দীর্ঘমেয়াদি নিম্নমুখী বাজারের পর্যায়ে নেমে যায়। অন্যদিকে, দেশটির দ্বিতীয় পর্যায়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এআই ডেটা সেন্টার প্রতিষ্ঠান এলিসের শেয়ার লেনদেনের প্রথম দিনেই ৩০ শতাংশের বেশি কমে যায়।
এআই অবকাঠামো খাতে বিনিয়োগের অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানের আইপিও পরিকল্পনা বাতিলের ঘটনায়। এনভিডিয়ার সমর্থনপুষ্ট ফার্মাস, ব্ল্যাকস্টোন-সমর্থিত এয়ারট্রাঙ্ক এবং সফটব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এসবি এনার্জিও আইপিও পরিকল্পনা বাতিল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এআই ক্লাউড অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান কোরউইভের শেয়ারেও চাপ অব্যাহত রয়েছে। গোল্ডম্যান স্যাকস প্রতিষ্ঠানটির শেয়ারের বিষয়ে ইতিবাচক মূল্যায়ন দিলেও এইচএসবিসি সতর্ক করেছে, ঋণ নেওয়ার ব্যয় বৃদ্ধি এবং এআই মডেলগুলোর আয় বৃদ্ধির গতি কমে যাওয়ায় কোরউইভের শেয়ারের দাম আরও ৩৬ শতাংশ পর্যন্ত কমতে পারে।
গার্টনারের প্রধান পূর্বাভাস বিশ্লেষক জন লাভলক মনে করেন, এআই খাতের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত অল্প কয়েকটি প্রতিষ্ঠানই টিকে থাকতে পারে। তাঁর মতে, গার্টনারের পর্যবেক্ষণে থাকা এআই বাজারগুলোর অনেকগুলোই শেষ পর্যন্ত দুটি প্রধান প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এ ধরনের পরিস্থিতি এআই অবকাঠামো খাতে অতিরিক্ত বিনিয়োগের ঝুঁকি বাড়াচ্ছে।
নজর নেটফ্লিক্স ও স্পেসএক্সের আয়ের প্রতিবেদনেও
প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের নজর এখন নেটফ্লিক্স ও স্পেসএক্সের ত্রৈমাসিক আর্থিক ফলাফলের দিকে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন শেষ হওয়ার পর প্রতিষ্ঠান দুটি তাদের আয়সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।
এলএসইজির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বাড়তে পারে। তবে শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন এবং কর্মী ছাঁটাইয়ের মতো বিষয়গুলোর পাশাপাশি দর্শকসংযুক্তি ও ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীরা বিশেষভাবে আগ্রহী।
অন্যদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো আর্থিক ফলাফল প্রকাশ করতে যাচ্ছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির শেয়ার আইপিওতে নির্ধারিত ১৩৫ ডলারের দামের ওপরে লেনদেন হলেও তালিকাভুক্তির পর সর্বোচ্চ দরের তুলনায় নিচে রয়েছে।
ইউরোপে এআই প্রযুক্তির বিস্তার ত্বরান্বিত করতে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা বৃদ্ধিতে কৌশলগত সহযোগিতার ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া ইউরোপ সফরে বিভিন্ন স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ ও সহযোগিতার উদ্যোগ নিয়েছে এনভিডিয়া। তবে ইউরোপের কঠোর নিয়ন্ত্রক কাঠামো এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসনসংকট এবং সরকারি সেবার মান নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহান্তে ফ্রান্সে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও কয়েকটি স্থানে দোকানপাটে লুটপাট, সরকারি ভবনে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ইতালি, স্পেন, পর্তুগাল ও আলবেনিয়াতেও বিক্ষোভ হয়েছে।
সব মিলিয়ে এআই খাতের শেয়ারে অস্থিরতা, ডেটা সেন্টার ব্যবসায় ঋণের ঝুঁকি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রেখেছে। নেটফ্লিক্স ও স্পেসএক্সের আর্থিক ফলাফল এবং এআই খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে নতুন তথ্য আগামী দিনের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
The post এআই শেয়ারে উত্থান থামল, দক্ষিণ কোরিয়ায় নতুন আইপিওতে বড় ধস appeared first on অর্থসূচক.
