পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডি-৮ সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, চুক্তিভিত্তিক কৃষি এবং ভিসা অব্যাহতির মতো বিষয়ে আলোচনা করেন তারা।
উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ পুনর্গঠন ও এর কার্যক্রমকে আরো ফলাফলমুখী করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, চুক্তিভিত্তিক কৃষি এবং ভিসা অব্যাহতির মতো বিষয়ে আলোচনা করেছেন তিনি।
গতকাল ইরাকের বাগদাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে ডি-৮ মহাসচিব সোহেল মাহমুদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে ডি-৮-এর আওতাধীন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডি-৮ সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, চুক্তিভিত্তিক কৃষি এবং ভিসা অব্যাহতির মতো বিষয়ে আলোচনা করেন তারা। সংগঠনটিকে আরো কার্যকর ও অর্থবহ করে তুলতে এর কাঠামো পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রস্তাব দেন হুমায়ুন কবির।
বাংলাদেশ ও ইরাকের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই: বাংলাদেশ ও ইরাকের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং নিয়মিত রাজনৈতিক পরামর্শের কাঠামো প্রতিষ্ঠায় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গতকাল ইরাকের রাজধানী বাগদাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) বৈঠকের সাইডলাইনে এ চুক্তি সই হয়।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হুসেইন নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারক দুটিতে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সমঝোতা স্মারক দুটির আওতায় কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতি এবং দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শের জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার কথা রয়েছে।
অনুষ্ঠানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইরাকের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, এ সমঝোতাগুলো দ্বিপক্ষীয় যোগাযোগে নতুন গতি সঞ্চার করবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।
অনুষ্ঠানে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।
