ফিচার ডেস্ক

সেলিব্রিটি বলেই সারাক্ষণ মুখের দাগছোপ লুকোনোর জন্য মেকআপ করে বসে থাকতে হবে, এমন ভাবনা স্বস্তিকা মুখার্জির মগজে নেই। বরং গোলাপি গালের ওপর বাদামি রঙের ফ্রেকেলসকে নিজের রূপের অংশ করে নিয়েছেন। নিজের দুধে-আলতা রং নিয়ে যেমন গর্বে মাতেন না, তেমনি বাড়তি মেদ ও ত্বকের খুঁতকেও নিয়েছেন আপন করে। আর এখান থেকেই জন্ম হয়েছে সৌন্দর্যের নতুন সংজ্ঞার।

স্বস্তিকা মুখার্জির অনুসরণকারীরা জানেন, খাঁটি বাঙালিয়ানায় ভরপুর এই তারকার শাড়িপ্রীতি কতটা। আলমারি থেকে মায়ের শরীরের গন্ধমাখা শাড়ি বের করে প্রায়ই পরেন। নিজেকে ‘শাড়ির পোকা’ দাবি করা স্বস্তিকা এবারের দুর্গাপূজায় সেজেছিলেন সে পোশাকেই। সাবেকি ধাঁচে পরা রানি গোলাপি রঙের শাড়ির সঙ্গে নীল কনট্রাস্ট ব্লাউজ। স্ক্রল করে দেখতেই কতজনের মুখে ‘আরে বাহ্!’ ধ্বনি ফুটেছে তার হিসেব নেই—এ জানা কথা। নবমীর সন্ধ্যায় যাঁরা স্বস্তিকার মতো সাজতে চাইছেন তাঁদের জন্যই এই লেখা।
রানি গোলাপিতে অস্বস্তি? তাহলে যোগ করুন
রানি গোলাপির মতো কড়া রং পরার অভ্যাস যাদের একেবারেই নেই, তাঁদের এই রংটি মন কেড়ে নিলেও ক্ষেত্রবিশেষে দ্বিধাটাই বড় ব্যাপার হয়ে উঠতে পারে। তবে এই বাধা দূর করা একদমই সহজ। সাদা, কালো, বাদামি বা নেভি ব্লু—যেকোনো রঙের ব্লাউজের সঙ্গে রানি গোলাপি রংটা দারুণভাবে মানিয়ে যায়। তাই এসব রঙের সঙ্গে মিলিয়ে তৈরি করে ফেলুন আপনার নিজস্ব লুক।
ডিজাইনের দিকেও মন দিন
সম্পূর্ণ রানি গোলাপি রঙের শাড়ি যেমন চোখ কেড়ে নেয়, সেটির সঙ্গে সামান্য নকশা, কারুকাজ বা কিছু আঁকিবুঁকি যুক্ত হলে কিন্তু আবেদনটা বেড়ে যায় বহুগুণে। রানি গোলাপির সঙ্গে অন্য রঙের প্রিন্ট মিলিয়েও নিজের সাজ ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারেন। মূল রং রানি গোলাপি থাকলেও এর সঙ্গে যুক্ত হওয়া প্যাটার্ন বা ছাপগুলো আপনাকে উৎসবের স্রোতে যেমন ভাসাবে, তেমনই আপনার নিজস্বতাকেও ফুটিয়ে তুলবে।

মেকআপের দিকে নজর দিন
এখানেও অস্বস্তি হচ্ছে? সব দুশ্চিন্তা একপাশে রেখে দেখুন স্বস্তিকার ছবিগুলো। খেয়াল করে দেখবেন, মেকআপেও গোলাপি আভাকেই বেশ জোরালোভাবে ব্যবহার করা হয়েছে। মুখে আইশ্যাডো, লিপস্টিক বা ব্লাশ ব্যবহারের সময় গোলাপির কোনো একটি শেড আপনার মুখে ছড়িয়ে দিতে পারে তরতাজা গোলাপ ফুলের মিষ্টি আভা। মেকআপের ক্ষেত্রে বহুল প্রচলিত এই রংটা তাই এ যাত্রায় হয়ে উঠতে পারে আপনার ত্রাণকর্তা।
রানি গোলাপি থাকবে, তবে কম উজ্জ্বল
গোলাপি রংটা কিন্তু ভারী মজার! কখনো কখনো যেমন হঠাৎই সবার নজর কেড়ে নেওয়ার তীব্রতা এর আছে, আবার কখনো কিন্তু এটি নীরবেই দ্যুতি ছড়ায়। আপনাকে শুধু বুঝতে হবে, কোন গোলাপি শেড এখন আপনার চাই। গোলাপির অগণিত শেডের মধ্য থেকে বাছাই করে নিন আপনার মনের মতো গোলাপিটি। সে ক্ষেত্রে শাড়িটা বেবি পিংক বা হালকা গোলাপি হলে ব্লাউজ ও জুয়েলারিতে রানি গোলাপি রংটাকে প্রাধান্য দিতে পারেন। চুলে ফুলও গোঁজা যায় এই রঙের। এরপর সাজ নিজেই নিজের কথা বলবে। তাই স্বস্তিকার মতো আত্মবিশ্বাস পেতে সাজের সময় সঠিক শেডের গোলাপিটি বেছে নেওয়াই বাঞ্ছনীয়।


ব্লাউজ যদি হয় কনট্রাস্ট
রানি গোলাপি রঙের শাড়ির সঙ্গে সোনালি, পিকক গ্রিন, নীল বা অন্য কোনো রঙের ডিজাইনের ব্লাউজ পরলে আপনার স্টাইলটাই তাতে হয়ে উঠতে পারে সবার চেয়ে ভিন্নধর্মী, আর সবচেয়ে প্রাসঙ্গিক! তাই ব্লাউজের ক্ষেত্রে শাড়ির সঙ্গে থাকা ব্লাউজপিস না কেটে বরং কনট্রাস্ট ডিজাইনার ব্লাউজের কথাও মনে রাখুন আর সুযোগ বুঝে এই কৌশল ব্যবহার করুন।
সূত্র: হার স্টাইল কোড ও অন্যান্য

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন
পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন
