পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশকে শক্তিশালী না করলে সমাজে দিন কিংবা রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে না। একই সঙ্গে তিনি বাগেরহাটে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।’
জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে আইজিপি বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধি জরুরি। দেশের অন্যতম বড় সমস্যা বেকারত্ব। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত তরুণ নতুন করে বেকারত্বের তালিকায় যুক্ত হচ্ছেন।
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের বিষয়ে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলেও পুলিশকে সহযোগিতা করতে হবে।
এ ছাড়া অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি।
