আসন্ন দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির জন্য তিন দিন। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটির আগের সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।
