বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, উত্তরার আজমপুর এলাকায় সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস টাইমে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
টানা তিন দিন ধরে চলা শ্রমিকদের এই আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ এবং নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যাননি বলে জানা গেছে।
