সরকার যদি বিধবা কার্ড চালু করে, তাহলে এমপির বউ সবার আগে নেবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সারের ডিলার নিয়োগ নিয়ে কিছুদিন আগে একটি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলারশিপ পেয়েছেন, এমপির মেয়েও সারের ডিলারশিপ পেয়েছেন, আবার এমপির শ্যালিকাও কার্ড পেয়েছেন।
তিনি বলেন, এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে, এমপির বউও সবার আগে এ কার্ড নেবেন। বাংলাদেশের অবস্থাটাই এমন। এমনকি বেকার কার্ডও তাঁরা আগে পাবেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, চুয়েটের ভিসিকে শিক্ষক-শিক্ষার্থীরা চান না। ছাত্রদলের কয়েকজনকে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে। তাঁরা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।
পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
